বাকৃবিতে ৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দিল শাখা ছাত্রশিবির

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১১:৩২:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১১:৩২:৪৮ পূর্বাহ্ন
 
বাকৃবি প্রতিনিধি:
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বর্ষের ৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
 
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি আবু নাছির ত্বোহা এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিরা রমজানের তাৎপর্য, শিক্ষার্থীদের নৈতিকতা এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন।
 
বক্তারা বলেন, রমজান মানুষকে আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।
 
ছাত্রশিবিরের বাকৃবি শাখার সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সচেতনতা তৈরিতে লেখালেখির ভূমিকা রাখতে হবে।
 
তিনি আরও বলেন, একটি উন্নত, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য তরুণদের প্রকৃত দেশপ্রেমিক হয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com