সিংড়ায় ১০ হাজার লিটার তেল উদ্ধার: লাইসেন্স থাকলেও নিয়ম না মানায় জরিমানা

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৪৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
 
আমিনুল হক,​সিংড়া (নাটোর) প্রতিনিধি:
 
নাটোরে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আজ (০৭ মার্চ) সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এবং নাটোর সদর উপজেলার বিভিন্ন বাজারে পৃথক অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। ​গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় অবৈধ জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
 
​অভিযান চলাকালীন একটি স্থানে মজুদ করে রাখা ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট মালিক উপস্থিত হয়ে বিস্ফোরক অধিদপ্তরের বৈধ লাইসেন্স প্রদর্শন করেন, যেখানে তার ১৮ হাজার লিটার পর্যন্ত তেল মজুদের অনুমতি রয়েছে। ​লাইসেন্স অনুযায়ী তেলের পরিমাণ সীমার ভেতরে থাকলেও, খোলা জায়গায় অনিরাপদ ও যথাযথ নিয়ম না মেনে তেল সংরক্ষণ করায় তাকে শাস্তির আওতায় আনা হয়। 
 
ম্যাজিস্ট্রেট জানান: যথাযথভাবে তেল সংরক্ষণ না করায় মালিককে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আগামী ২ দিনের মধ্যে নির্ধারিত ও নিরাপদ উপায়ে তেল সংরক্ষণের জন্য তাকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
 
​একই দিনে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু জেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনজন ব্যবসায়ীকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
 
​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com