তরুণ উদ্যোক্তা তৈরিতে একসাথে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৪১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৪১:৫৪ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ব্যবসা সৃষ্টি, ব্যবসায় পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, পণ্যের বাজারজাতকরণ, বাজার সংযোগ এবং প্রযুক্তি ও উদ্ভাবনী উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একসাথে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ।


বুধবার ০৪ মার্চ ২০২৬ আগারগাঁও এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম
 
 
সরদার, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর অ্যাডভাইজর (পলিসি অ্যাডভোকেসি) জাফর উল্লাহ খান, সিনিয়র লিড (ইয়ুথ, চাইল্ড পোভার্টি অ্যান্ড ইকোনমিক রেজিলিয়েন্স) নিশাত আফরোজ মির্জা এবং হেড অব পার্টনারশিপ ইকবাল হোসাইন। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকার বাইরে কোন কার্যালয় না থাকায় এসএমই ফাউন্ডেশন অংশীদার সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে সারা দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর সাথে যৌথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তরুণদের শুধু চাকরি না খুঁজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরো জোরদার করা সম্ভব হবে।


উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০% শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে, দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯% কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই)। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫% সিএমএসএমই খাতে। এই খাতে প্রায় ৩ কোটিরও বেশি জনবল কর্মরত আছে। অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন সরকারের জাতীয় শিল্পনীতি, এসএমই নীতিমালা এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের ৬০%-ই নারী-উদ্যোক্তা।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]