ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৪৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৪৩:২৮ অপরাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 
নিহত ট্রাক্টর চালক রাসেল সোনার (৩২) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।


ওই সড়কে পার্শ্ব রাস্তা থাকায় ঘটনার পর স্পিডব্রেকারের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে স্পিডব্রেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট থেকে বালুবাহী ট্রাক্টর দেশমাহাট এলাকায় বালু আনলোড করে ফেরার পথে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মুক্তারপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক নিহত হয়। এই সড়কে কোনো গতি রোধক না থাকায় অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই এখানে জরুরি ভিত্তিতে একটি স্পিডব্রেকার নির্মাণ এলাকাবাসীর দাবি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com