কঙ্গোতে খনি ধসে অন্তত ৬ জনের মৃত্যু

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:২৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:২৫:৪০ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে দেশের বৃহত্তম কোলটান খনিতে মঙ্গলবার সুড়ঙ্গ ধসে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

গোমা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

 
উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে রুবায়া খনিতে সুড়ঙ্গ ধসে তিন নারী ও তিন পুরুষের মৃত্যু হয়। আরও কয়েকজন গুরুতর আহত হন।


গোমা থেকে ফোনে যোগাযোগ করা ড্যানিয়েল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ কয়েকজন মানুষ মারা গেছে। অন্যরা গুরুতর আহত।’ তিনি জানান, কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি স্ট্রেচারে দুইটি মরদেহ দেখেছেন।


আরেকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন নারী ও তিন পুরুষসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

স্বজনদের খোঁজে বহু মানুষ খনির দিকে ছুটে যান।


রুবায়ার গহ্বরগুলোয় কয়েক হাজার খনি শ্রমিক ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাদের বেশিরভাগ সাধারণ কোদাল নিয়ে ও রাবারের বুট পরে কাজ করে।


বিশাল রুবায়া খনি বৈশ্বিক কোলটান উৎপাদনের ১৫ থেকে ৩০ শতাংশ জোগান দেয়। এটি ২০২৪ সালের এপ্রিল থেকে এম ২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
 

খনির গাসাসা কোয়ারি নামে পরিচিত এলাকায় এ ধসের ঘটনা ঘটে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় রুবায়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী ধস। গত মাসের শেষ দিকে সেখানে ভয়াবহ ভূমিধসে অন্তত ২০০ জন মারা গেছে বলে সরকার আশঙ্কা প্রকাশ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com