রাজশাহীতে নারীর গলায় ছুরি ধরে পাসপোর্ট-ভিসাসহ ছিনতাই, সৌদি যাত্রা অনিশ্চিত

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৩৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৩৬:০৭ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে এক নারী যাত্রীর গলায় ছুরি ধরে পাসপোর্ট, ভিসা ও নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিপা বেগম থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী রিপা বেগম জানান, তিনি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী ফেরেন। রাত প্রায় ৩টার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নগরীর দায়রাপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিকশাচালক হঠাৎ রিকশা থামিয়ে তার গলায় ছুরি ধরে সবকিছু ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। 

রিপা বেগম বলেন, রিকশাচালক ছিনতাইকারীর মতো আচরণ করে চাকু বের করে বলে-টাকা-পয়সা যা আছে সব দিয়ে দে। প্রাণের ভয়ে আমার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দিই। এরপর সে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়লে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারে। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

রিপা বেগম বলেন, আমার পাসপোর্ট ও ভিসা ফিরিয়ে না পেলে সৌদি আরবে আর যাওয়া হবে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। 

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেলে ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]