কুড়িগ্রামের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও জাল সনদধারীদের তালিকা প্রকাশ

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০১:০৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০১:০৯:২৯ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। প্রকাশিত তালিকায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।
 
রোববার (০১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
প্রকাশিত তালিকা অনুযায়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— আপুয়ার খাতা আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়, গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বজরা দারুল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা এবং বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— গাগলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, বেরুবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়।
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান— ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসা, বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদরাসা এবং সুখদেব ফাজিল মাদরাসা।
 
এছাড়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম জেলার সদর উপজেলার আমিন উদ্দিন আহমেদ দ্বিমুখী দাখিল মাদরাসা ও টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নামও তালিকায় রয়েছে।
 
ডিআইএ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্ত প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।
 
এসব অনিয়মের কারণে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে।
 
ডিআইএ জানিয়েছে, ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এই তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com