মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
১ মার্চ, ২০২৬
পঞ্চগড়: পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোঃ সায়েমুজ্জামানসহ দেশের ৫টি জেলার জেলা প্রশাসককে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রত্যাহারকৃত ৫ জেলার ডিসিরা হলেন:
১. পঞ্চগড়: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোঃ সায়েমুজ্জামান (পরিচিতি নম্বর: ১৬৩৮২)।
২. গাজীপুর: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলম হোসেন (পরিচিতি নম্বর: ১৬১২৬)।
৩. কুষ্টিয়া: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হোসেন (পরিচিতি নম্বর: ১৬৬১২)।
৪. নেত্রকোণা: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান (পরিচিতি নম্বর: ২০৫১৭)।
৫. চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহাদাত হোসেন মাসুদ (পরিচিতি নম্বর: ২০৫২৭)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পঞ্চগড় জেলায় কর্মরত ডিসি কাজী মোঃ সায়েমুজ্জামানকে প্রত্যাহারের খবরে স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক হিসেবে পরবর্তী দায়িত্ব কে পাচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।