নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামি গৌরীপুরে গ্রেপ্তার

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:২৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:২৮:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরে বাবার নিকট থেকে ছিনিয়ে নেয়া কিশোরীকে হত্যার অভিযোগে হযরত আলী নামের এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী ডিবি পুলিশ।

 
শুক্রবার রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সোহাগবাজার মোড়ে বসে চা পান করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম।

 
তিনি জানান, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামির লোকেশান নিশ্চিত হয়ে গৌরীপুর থানা পুলিশের সহযোগিতায় নরসিংদী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ আসামিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত হযরত আলী নরসিংদীর মাধবদীতে ভ্যান চালাতো। ওই এলাকায় গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হাফিজ উদ্দিনের দুই পুত্র গার্মেন্টসে চাকরি করে। ওই চাকরির সুবাধধ হযরত আলীর সঙ্গে হাফিজ উদ্দিনের দুই পুত্রের পরিচয় হয়। আর এ পরিচয়ের সূত্র ধরেই আত্মগোপন করতে হযরত আলী এ এলাকায় আশ্রয় নেয়।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, অভিযুক্ত হযরত আলী আত্মগোপন করতে গৌরীপুরে থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার এলাকায় তার ব্যবহৃত সিম ফেলে রেখে আসে। পরে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সোহাগবাজার মোড়ে বসে চা পান করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার দেয়া তথ্যমতে গোপীনাথপুর গ্রামের হাফিজ উদ্দিনের বাড়ি থেকে আসামির ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাধবদী উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে ধর্ষণের শিকার ওই কিশোরীর লাশ উদ্ধার করে নরসিংদী পুলিশ। নিহত কিশোরী মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় এলাকায় তার পরিবারের সঙ্গে থাকত।

তার বাবা টেক্সটাইল কারখানার শ্রমিক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বখাটে হিসাবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর কথাবার্তা হতো। প্রায় ১৫ দিন আগে বাসায় ফেরার পথে ওই কিশোরীর মুখ চেপে ধরে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত একাধিক আসামি গ্রেপ্তারের পাশাপাশি পলাতক হযরত আলীকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]