গায়ক থেকে নায়ক প্রীতম হাসান

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৯:০৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৯:০৬:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গানে গানে যেমন শ্রোতা-দর্শককে মুগ্ধ করে চলেছেন, ঠিক তেমনি অভিনয় দিয়েও তিনি দর্শকের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন। সাম্প্রতিক সময়ে গান ও মঞ্চ পরিবেশনার পাশাপাশি অভিনয়ে নিজেকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছেন তিনি।

 
এবার ঈদে নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন প্রীতম। নতুন এই ওয়েব সিরিজের নাম ‘ক্যাকটাস’। এটি রচনা ও পরিচালনা করছেন নির্মাতা শিহাব শাহীন। বেশ কিছুদিন ধরে ক্যাকটাসের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন প্রীতম। আরো কয়েক দিন এ ওয়েব সিরিজের কাজেই ব্যস্ত থাকবেন তিনি।


 
প্রীতম হাসান বলেন,
‘সাধারণত দর্শক এর আগে আমাকে অভিনয়ে যেমনটা দেখেছেন, ঠিক এর বাইরে দেখবেন এ ওয়েব সিরিজে। শুধু এতটুকু বলা যায়, ০০৭-এর একটা ভাইভ থাকবে এই ওয়েব সিরিজে। আমার চরিত্রটি একেবারেই অন্যরকম, যা আপাতত ডিটেইল বলতে পারছি না। কিন্তু আমি অনেক আশাবাদী কাজটি নিয়ে। যেহেতু এবারই প্রথম মেহজাবীন চৌধুরীর সঙ্গে আমার অভিনয় করা হচ্ছে, সে কারণে প্রত্যাশা আরো একটু বেশি। এরই মধ্যে ওয়েব সিরিজের বেশিরভাগ অংশেরই কাজ সম্পন্ন হয়েছে। আরো বেশ কিছুদিন আমাদের শুটিং করতে হবে। শিহাব ভাই অনেক যত্ন নিয়ে, ভীষণ শ্রম দিয়ে কাজটি করছেন। আমরাও যারা এতে কাজ করছি, শতভাগ মনোযোগ দিয়েই করছি। সহশিল্পী হিসেবে মেহজাবীন চৌধুরী ভীষণ সহযোগিতাপরায়ণ।’

এ সিরিজে আরো অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। সিরিজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। প্রীতম হাসান জানান, আগামী ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীতÑএমন একটি সিনেমার গানেরও কাজ করবেন তিনি। কিছুদিনের মধ্যেই সিনেমাটির কাজে হাত দেবেন। শাকিব খান অভিনীত সিনেমায় গান গেয়েই এ সময়ে আলোচনার শীর্ষে রয়েছেন প্রীতম হাসান। তুফান সিনেমার ‘লাগে উড়াধুরা’, তাণ্ডব সিনেমার ‘লিচুর বাগানে’ ও বরবাদ সিনেমার ‘চাঁদ মামা চাঁদ মামা’ প্রীতম হাসানকে একজন গায়ক হিসেবে আকাশচুম্বী তারকাখ্যাতি এনে দিয়েছে। এ গানগুলোর কারণে দেশে-বিদেশে তার স্টেজ শোর সংখ্যাও বেড়েছে বহুগুণে। স্টেজ শোতে চাহিদার শীর্ষে রয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]