বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৮:১৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:০৯:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক মতভেদের জেরে ভেঙে গেল একটি সংসার। বিএনপির পক্ষে ভোট চাইতে যাওয়াকে কেন্দ্র করে দুই সন্তানের জননী লাইজী বেগমকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ইমামুল শেখের বিরুদ্ধে।
 
ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী-দস্তন গ্রামে।

৬ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রুপাপাত ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ১২ জন নারী ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে বের হন। সেই দলে ছিলেন লাইজী বেগমও। অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পর স্বামী ইমামুল শেখ ক্ষুব্ধ হয়ে সবার সামনে তাকে গালাগাল করেন এবং এক নিঃশ্বাসে তিন তালাক উচ্চারণ করেন।

ঘটনার পর থেকে লাইজী তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। বড় মেয়ে মরিয়ম (৯) শারীরিক প্রতিবন্ধী। ছোট মেয়ে লাইলা (৫) এখনও মায়ের আঁচল আঁকড়ে থাকে। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন দিশেহারা মা।

কাঁদতে কাঁদতে লাইজী বলেন, স্বামী দীর্ঘদিন ধরে নির্যাতন করছিল। ভোট চাইতে না যেতে বলেছিল। কিন্তু আমি পরিবারের রাজনৈতিক আদর্শ মেনেই গিয়েছিলাম। সবার সামনে অপমান করে তালাক দেয়। এখন আমি দুই মেয়েকে নিয়ে কোথায় যাব? আমি বিচার চাই।

অভিযুক্ত ইমামুল শেখ দাবি করেন, দাম্পত্য কলহ আগে থেকেই চলছিল। তার ভাষ্য, আমি নিষেধ করেছিলাম। আমার কথা না শুনে পরপুরুষের সঙ্গে ভোট চাইতে গেছে। রাগের মাথায় তালাক দিয়েছি।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রুপাপাত ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহমুদা রহমান বলেন, একজন নারী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তাকে এভাবে তালাক দেওয়া মেনে নেওয়া যায় না।

কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন সৈকত বলেন, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার সবার আছে। একটি নারী সেই অধিকার প্রয়োগ করায় সংসার হারাবে-এটা দুঃখজনক।

এলাকায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক বিভাজন এখন শুধু মাঠেই নয়, ঢুকে পড়েছে ঘরের ভেতরেও। দুই নিষ্পাপ শিশুর চোখের জল আর এক মায়ের অসহায়ত্ব-এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক হয়ে উঠেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]