নিজস্ব প্রতিবেদন
সোমালিয়া এবং পাকিস্তানের মধ্যে ২৪টি পর্যন্ত জেএফ -১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমান কেনার জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৯০০ মিলিয়ন ডলার।
সোমালিয়ার বিমান বাহিনীর কমান্ডার মোহাম্মদ শেখ আলীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফরের সময় দেশটির সামরিক উৎপাদন মন্ত্রী মুহাম্মদ রাজা হায়াত হারাজের সাথে স্বাক্ষাতকালে এ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ২৪টি পর্যন্ত জেএফ -১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমান কেনার চুক্তিতে উপনীত হতে সম্মতি প্রকাশ করে।
চুক্তিটি সম্পন্ন হলে এটি হবে কয়েক দশকের মধ্যে সোমালিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয়, যা দেশটির বিমানবাহিনী পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সোমালিয়ার বিমানবাহিনী ১৯৯১ সালের পর থেকে কার্যত নিষ্ক্রিয় ছিল। প্রস্তাবিত যুদ্ধবিমানগুলো আধুনিক বহুমুখী সক্ষমতাসম্পন্ন, যা পাকিস্তান ও চীন যৌথভাবে উন্নত করেছে । এর উন্নত রাডার, অ্যাভিওনিক্স ও যুদ্ধ সক্ষমতা রয়েছে।
দুপক্ষের আলোচনায় পাইলট প্রশিক্ষণ, অস্ত্র ব্যবস্থা এবং লজিস্টিক সহায়তার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে, যা সম্প্রতি সোমালিয়ার বিমানবাহিনী প্রধানের ইসলামাবাদ সফরের পর সামনে এসেছে। যদিও উভয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, প্রতিবেদনে বলা হচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য সোমালিয়ার আকাশ প্রতিরক্ষা ও উপকূলীয় নিরাপত্তা জোরদার করা।