ঈদে আসছে নাজনীন নীহার তিন নাটক

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৭:১৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৭:১৯:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। ঈদুল ফিতরকে সামনে রেখে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। রোমান্টিক ঘরানার একটি নতুন নাটকে তার বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। নাটকের নাম ও শুটিং লোকেশন এখনো প্রকাশ করা হয়নি।

 
নীহা জানান, ঈদে অন্তত তিনটি নাটকে দেখা যাবে তাকে, যার বেশিরভাগই রোমান্টিক ধাঁচের। তিনি বলেন, ‘রোমান্টিক গল্পে অভিনয় করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, দর্শকও আমাকে এ ঘরানায় বেশি গ্রহণ করেছেন। এটি আমার জন্য একটি বড় অনুপ্রেরণা।’

 
নির্বাচনের ডামাডোলে ভালোবাসা দিবসে অল্প কয়েকটি নাটক মুক্তি পেলেও নীহার অভিনীত ‘যে কথা হয়নি বলা’ দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। কুহু চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। চ্যানেল আইয়ে প্রচারের পর ১৬ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। মাত্র দুদিনে ৩২ লাখের বেশি ভিউ এবং প্রায় সাড়ে তিন হাজার মন্তব্য এসেছে। দর্শক নাটকের আবেগপূর্ণ সংলাপ, গান ও গল্পের সরলতা নিয়ে প্রশংসা জানিয়েছেন।

নাটকটিতে নীহার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। ২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে তার বিপরীতে অভিষেক ঘটে নীহার। এরপর ‘লাভ লাইন’, ‘আশিকি’সহ একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। ‘যে কথা হয়নি বলা’ নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জনম জনমে’ নাটকেও নীহাকে দেখা গেছে। তৌফিকুল ইসলাম পরিচালিত এ নাটকে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। তিন বছরের ক্যারিয়ারে মূলত রোমান্টিক নাটকেই দেখা গেছে নাজনীন নীহাকে। নীহার মতে, রোমান্টিক কাজ সহজ মনে হলেও এটি চ্যালেঞ্জের, তবে এ ধারায়ই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভবিষ্যতে অন্য ধারার কাজেও যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]