মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৪:২৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৪:২৫:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

 

গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্য তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে একটি দল ৩৮ নম্বর মৌলভীবাজারের মেসার্স দেওয়ান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় মসুর ডাল বিক্রির ক্যাশ মেমো দেখতে চাওয়া হলে তা প্রদর্শনে বিলম্ব হওয়ায় দুটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ঘটনায় ব্যবসায়ীদের অনুরোধে ঘটনাস্থলে উপস্থিত হন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মাদ আলী ভূট্টো। তিনি জরিমানা প্রত্যাহারের অনুরোধ জানালে ম্যাজিস্ট্রেট তা নাকচ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কিছু উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময় হয়, যা পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করা হয়।

 

পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে অবগত হওয়ার পর রোববার ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির নেতৃত্বে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মিটফোর্ড ও চকবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে ব্যবসায়ী নেতারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে অভিযান পরিচালনার সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর ফলে ভবিষ্যতে ভোক্তা সাধারণ আরও উপকৃত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com