ঝুট ব্যবসার দখলে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া  প্রতিপক্ষের হামলায় আহত ৮

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১২:৫৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১২:৫৬:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সাভারের বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া দিয়ে গার্মেন্ট কারখানার ঝুট ব্যবসা দখলের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় আট নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 
অভিযোগ সূত্রে জানা গেছে, গত পাঁচ-ছয় দিন ধরে বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকায় তিতাস গার্মেন্ট ও এপিটেক ফ্যাক্টরির ঝুট ব্যবসা দখলে নিতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে মহড়া দিয়ে আসছিল। গতকাল রোববার দুপুরে জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টস কারখানার ঝুট দখল নিতে গেলে প্রতিপক্ষ ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়।


 
সংঘর্ষে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি শামসুল আলম, ইউনিয়ন কমিটির সদস্য বিল্লাল হোসেনসহ আটজন আহত হন।


স্থানীয় বাসিন্দা শহীদুল আমিন নয়ন জানান, গত পাঁচ-ছয় দিন ধরে ছাত্রদল ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ২০-২২টি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে আসছিলেন। তারা থানা কৃষক দলের সভাপতি আবু সাঈদের কর্মী। বিষয়টি নিয়ে কথা বললে আবু সাঈদ জানান তিনি বর্তমানে কক্সবাজার আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।


বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তারা সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


এপিক কারখানার প্রশাসনিক ইনচার্জ সাবেক ফুটবলার শফিকুল কাদের মুন্না জানান,
‘আমাদের কারখানায় ছাত্রদলের ছেলেরা এসেছিল, কিন্তু কোনো গণ্ডগোল হয়নি। পাশের তিতাস গার্মেন্ট কারখানায় সমস্যা হয়েছে শুনেছি। তিতাস গার্মেন্ট কারখানার একাধিক কর্মকতাকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com