ত্রিশালে চাঁদা বৃদ্ধির অভিযোগে মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:০৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:০৪:২২ পূর্বাহ্ন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের উপজেলার ইভা ফিলিংস স্টেশন সংলগ্ন মহাসড়কে ‘জিপি’ নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। রবিবার সকালে হঠাৎ করে কয়েকশ’ সিএনজি চালক সড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, এতদিন যেখানে প্রতিদিন ২০ টাকা করে ‘জিপি’ দিতে হতো, সেখানে হঠাৎ করে তা বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। পাশাপাশি মাসিক ১ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। অতিরিক্ত এই অর্থ পরিশোধ করতে না পারলে সিএনজি চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

একজন চালক বলেন, “আমরা দিন এনে দিন খাই। আগে ২০ টাকা দিতাম, এখন ৭০ টাকা চাওয়া হচ্ছে। আবার মাসে ১ হাজার টাকা দিতে হবে—এটা আমাদের পক্ষে সম্ভব না।”
আরেক চালক জানান, “চাঁদার টাকা না দিলে স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয় না এবং আমাদেরকে মারধরও করা হয় । তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।”

সিএনজি চালক মফিজুল ইসলাম বলেন, আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল টু ময়মনসিংহ সিএনজি চালাই। ৫ ই আগস্ট এরপর আমাদের কোন চাঁদা দিতে হয়নি। ১৫ থেকে ২০ দিন পর এসে আমাদের কাছ থেকে দশ টাকা করে চাঁদা ধরা শুরু করলো, তার কিছুদিন পর এসে সেই চাঁদা ২০ টাকা করলো, অতঃপর আবার এসে বলল আমাদের ২০ টাকা দিয়ে হবে না ৪০ টাকা করতে হবে ৪০ টাকা করা হলো, এখন জাতীয় নির্বাচনের পরে তাদের দল ক্ষমতায়   আসার পড় ওই চাঁদা ৭০ টাকা করা হলো এবং মাসিক১০০০টাকা দিতে হবে, এই চাঁদা দিতে পারলে গাড়ি নিয়ে আসতে বলছে অন্যথায় গাড়ি নিয়ে যেতে মানা করছে, কেউ চাঁদা না দিতে পারলে তাদেরকে মারধর করা হয়।আমরা কি এই কারণে ধানের শীষে ভোট দিয়েছি, আমরা কি ভুল করেছি এই সরকার কে ভোট দিয়ে ক্ষমতায় এনে, তারেক রহমান সাহেব তো বলছেন, দেশে কোন চাঁদাবাদ থাকবেনা।

আরেক সিএনজি চালক মোঃ স্বপন মিয়া বলেন, ময়মনসিংহ কলেজ গেটের সামনে দুকুল নেতা নেতৃত্বে আমাদের কাছ থেকে চাঁদা তোলা হয়, আগে আমাদের কাছ থেকে চল্লিশ টাকা করে চাঁদা নিতো ওই চাঁদা এখন ৭০ টাকা করা হয়েছে এবং মান্থলি ১০০০ টাকা করা হয়েছে,।
আমাদের নতুন সরকার তো বলেছেন, দেশে কোন চাঁদাবাজি চলবে না,  শপথ পড়া শেষ করার সাথে সাথেই   দেশের চাঁদাবাজি শুরু হয়ে গেছে।
আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে চাই, কোন চাঁদাবাদি চলবে না।

চালকদের দাবি, অবিলম্বে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ করতে হবে এবং পূর্বের হারও বাতিল করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]