পাকিস্তান সীমান্তের কাছে গুলিবিদ্ধ হয়ে দুই ভারতীয় পুলিশ নিহত

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৪:২৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৪:২৪:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় পাকিস্তান সীমান্তসংলগ্ন একটি নিরাপত্তা চৌকি থেকে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

 
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার দোরাংলা থানার অন্তর্গত আদিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অশোক কুমার ও হেড কনস্টেবল গুরনাম সিং। তারা ভারত–পাকিস্তান সীমান্তের কাছে একটি চেকপোস্টে দায়িত্বে ছিলেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, চেকপোস্টের কাছে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। পরে অন্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় পান। তাদের দ্রুত গুরুদাসপুর সিভিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ঘটনার সংবেদনশীলতার কারণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার আদিত্য তদন্তের দায়িত্ব নিয়েছেন এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।


ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজের খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছেন। কোন অস্ত্র থেকে এবং কোন দিক থেকে গুলি চালানো হয়েছে তা নিশ্চিতের চেষ্টা চলছে।


প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুই পুলিশ সদস্যের মধ্যে কোনো বিরোধ থেকে গুলি চলেছে, নাকি তৃতীয় কোনো ব্যক্তি জড়িত—এ দুই সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।


আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অন্যান্য চৌকিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিয়ে শুধু জানিয়েছে, তদন্ত চলছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com