দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:২৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:২৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ১৫ থেকে ১৬ কেজি দুধে পানি মেশানোর সত্যতা পাওয়া গেলে তা নষ্ট করে মাটিতে ফেলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত রাখতে দুই বিক্রেতার মাথায় প্রতীকীভাবে সামান্য দুধ ঢেলে দেওয়া হয়।

 
বুধবার (গতকাল) বিকেল ৫টার দিকে পৌরসভার কাঁচামাটিয়া সেতুসংলগ্ন দুধমহালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

 
অভিযান সূত্রে জানা যায়,
দীর্ঘদিন ধরে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে দুধ বিক্রি হলেও ক্রেতারা তাতে পানি মেশানোর অভিযোগ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে দুধ পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দুধ তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘বিডি লিমন রহমান’ নামের একটি আইডি থেকে ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও পোস্ট করে দাবি করা হয়, আধুনিক যন্ত্রের মাধ্যমে দুধ পরীক্ষা করে পানি মেশানোর প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার বলেন, রোজা শুরুর আগে থেকেই দুধে পানি মেশানোর অভিযোগ আসছিল। অভিযান চালিয়ে ১৫–১৬ কেজি দুধে পানি পাওয়ায় তা নষ্ট করা হয়েছে। অন্য বিক্রেতাদের দুধে কোনো সমস্যা পাওয়া যায়নি। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ না করে, সে জন্য দুজনের মাথায় সামান্য দুধ ঢেলে সতর্ক করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]