কুড়িগ্রামে বিএনপি ও ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:০১:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:০১:৪৭ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জোড়গাছ বাজারে এখন চাপা উৎকণ্ঠা। এক করাতকল মালিকের কাছ থেকে কয়েক দফা চাঁদা আদায় এবং পরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। 
 
ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জোড়গাছ বাজারে একটি করাতকল পরিচালনা করেন। 
 
গত ১৬ ফেব্রুয়ারি তিনি চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিলমারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তরা হলেন, রমনা মডেল ইউনিয়ন ছাত্রদলের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম দুদু , বিএনপির কর্মী মোঃ দুলাল মিয়া, ছাত্রদল কর্মী মোঃ আল আমিন, মোঃ স্বপন ইসলাম বাহা ও মোঃ আবু মিয়া, আওয়ামী লীগ সমর্থক মোঃ নবিদুল ইসলাম এবং মোঃ নুরুজ্জামাল মিয়া।
 
ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আমি ব্যবসার পুঁজি নিয়ে গাছের বাগান কিনতে বের হয়েছিলাম। অভিযুক্তরা তাঁকে পথে আটকে সব টাকা নিয়ে যায়। এখন ভয় আর অনিশ্চয়তায় আছি।’
 
ছাত্রদল নেতা সুমন ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাদের ওপর হামলা হয়েছে। ব্যবসায়ী সাইফুল ইসলাম তিন হাজার টাকা স্বেচ্ছায় তাদের দিয়েছিলেন। 
 
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com