যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:৪২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:৪২:৩৩ অপরাহ্ন


মোঃআকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না। তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার যোগ্য নয়।”

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। জনগণের সামনে এখন প্রশ্ন—তারা কি অতীতের ব্যর্থতার দিকে ফিরে যাবে, নাকি উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে? স্বাধীনতার পক্ষের শক্তিকেই বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব অনুসরণ করতে হবে।
বিএনপির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন এবং দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হয় এবং মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়। তার শাসনামলে দেশের অর্থনীতি উন্নয়নের ধারায় ছিল বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম। পাশাপাশি তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামীর অতীতেও সে সক্ষমতা ছিল না এবং ভবিষ্যতেও তারা তা পারবে না।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]