আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
আগামীর মণিরামপুরের উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে তরুণদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপি জোট প্রার্থী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস। ভিন্নধর্মী এ প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তন হলরুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থীদের করা ক্যাটাগরি ভিত্তিক প্রশ্নের সরাসরি উত্তর দেন বিএনপি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি এবং উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. রাকিবুল ইসলাম রনির সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় রশীদ বিন ওয়াক্কাস বলেন, নির্বাচিত হলে মণিরামপুরকে আধুনিক ও সেবাভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজের প্রস্তাব ও ভাবনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণের নিরপেক্ষ সেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।