কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর আকাশপথে মহড়া, ভোটারদের নিরাপত্তার আশ্বাস

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:৪৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:৪৮:১৮ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশপথে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টারযোগে এসে বাংলাদেশ সেনাবাহিনী এ মহড়া পরিচালনা করে। মহড়ার অংশ হিসেবে সেনাসদস্যরা হেলিকপ্টার থেকে প্যারাসুটের মাধ্যমে দুর্গম ভোটকেন্দ্র এলাকায় অবতরণ করেন।
 
মহড়ার সময় সেনাবাহিনীর সদস্যরা চরাঞ্চলের স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেন। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নোমান মুন্সী, চিলমারী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. তরিকুল ইসলাম, ক্যাপ্টেন মো. তাহসিন তামিমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান, কালাম ও আজাদ জানান, আগে ভোটকেন্দ্রে যেতে ভয় লাগত। সেনাবাহিনীর এই তৎপরতায় তারা এখন অনেকটাই স্বস্তি অনুভব করছেন। সাধারণ ভোটার রহিম বলেন, “চরের ভেতরে বিভিন্ন সময় ভয়ভীতি থাকত। আজকের মহড়া দেখে মনে হচ্ছে এবার নিশ্চিন্তে ভোট দিতে পারব।”
 
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে নৌপথনির্ভর দুর্গম চরাঞ্চলে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।
 
উল্লেখ্য, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চিলমারী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]