​ভূরুঙ্গামারীতে প্রায় এক বছর পর সহকারী কমিশনার (ভূমি) পদায়ন, স্বস্তিতে সাধারণ মানুষ

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১১:৩৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১১:৩৬:১৯ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ জাকারিয়া হোসেন 

দীর্ঘদিন পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) পদায়ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন সেবাপ্রত্যাশীরা।

রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারিকৃত অফিস আদেশে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আমিনুল হক তারেক (পরিচিতি নং–১৯৪০৩) কে ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা এবং তাঁর স্ত্রীর নিজ জেলা পাবনা। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি উক্ত পদে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, আমিনুল হক তারেককে নিজ অধিক্ষেত্রে সরকারি পাওনা আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারা মোতাবেক রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ তাহমিদুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। তিনি পদোন্নতি পেয়ে বদলি হলে দীর্ঘদিন ধরে পদটি শূন্য ছিল। এ সময় পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌস, দ্বীপ জন মিত্র এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) না থাকায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন সেবা কার্যক্রমে ভোগান্তির শিকার হন উপজেলাবাসী। বিভিন্ন মাধ্যমে বিশেষ করে হামার কুড়িগ্রাম ও তালাশ বিডিতে বিষয়টি উঠে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে পদায়নের উদ্যোগ নেয়।

দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেনসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।

নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) পদায়নে ভূরুঙ্গামারী উপজেলার সাধারণ মানুষ, ভূমি সেবা প্রত্যাশী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন কর্মকর্তার নেতৃত্বে ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]