মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ১২ জন কয়েদি এবং ৬ জন হাজতি রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন এবং নারী ভোটার ২ হাজার ১৩০ জন।
কারাগারে থাকা পোস্টাল ব্যালটে ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি ১৬ জন পঞ্চগড় জেলার বাসিন্দা। এ ক্ষেত্রে সব ভোটারই পুরুষ; কোনো নারী কারাবন্দি ভোটার নেই।
পঞ্চগড় জেলা কারাগারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, বর্তমানে কারাগারে মোট ৩৫৬ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে ৮ জন নারী বন্দি এবং ৬ জন বিদেশি নাগরিকও আটক রয়েছেন।
এ ছাড়া কারাগারে কর্মরত মোট ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
কারাগারে দায়িত্বে থাকা হাবিলদার মেরাজুল ইসলাম বলেন,
“দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি।”
পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।