মশিউর রহমান রাসেলঃ
ভোটগ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা মাঠে নেমেছেন জোরেশোরে নির্বাচনী প্রচারে।
ঝালকাঠি-২ সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী ভোটারদের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একমাত্র নারী প্রার্থী হিসেবে এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (৩১ জানুয়ারি) তিনি সারাদিন ঝালকাঠি-২ আসনের নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমার প্রয়াত স্বামী আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরণ আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। আমিও আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আমি চাঁদাবাজি করি না, কোনো নৈরাজ্য করি না। আমি আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা চাই। বিজয়ী হলে নলছিটিকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।”
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুল কবির রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী তারেক, নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মো. কবির মোল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ফটো ক্যাপশন: নলছিটিতে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।