​কুবি ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুদের সেবায় বিএনসিসি ও রোভার স্কাউট

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১২:৪২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১২:৪২:৪০ পূর্বাহ্ন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উভয় পরীক্ষায়ই পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন কুবি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা। 

ভর্তি পরীক্ষার দিন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যানজট নিরসন, পরীক্ষাকেন্দ্র দেখিয়ে দেওয়া, রুম নম্বর খুঁজে পেতে সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতায় সক্রিয়ভাবে কাজ করে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও শাহিন ইয়াসার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ও বিএনসিসির জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। প্রতিবছরই আমরা ভর্তি পরীক্ষার্থীদের সেবায় দায়িত্ব পালন করে থাকি। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরীক্ষার্থীদের কেন্দ্র ও রুম নম্বর খুঁজে দেওয়া সহ যাবতীয় সেবায় আমরা নিয়োজিত থাকি।’

তিনি আরও বলেন, ‘বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যেকোনো সেবামূলক কার্যক্রমে সবসময় প্রস্তুত। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোটবাড়ি, কুমিল্লা শহর ও ক্যাম্পাসের ২১টি কেন্দ্রে মোট ১০০ জন রোভার দায়িত্ব পালন করেছে। তারা সুষ্ঠুভাবে ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘রোভাররা আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সর্বদা সেবাদানে প্রস্তুত। কারণ, সেবাই আমাদের মূল ব্রত। ভবিষ্যতেও আমরা এভাবেই আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]