কেন্দুয়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটের অভিযোগ

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৪:২৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৪:২৮:২৪ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে হাতাহাতি, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। বিএনপির নেতাদের দাবি, স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থকরা এ ঘটনায় জড়িত।
 
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ৭নং মাসকা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে।
 
দলীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান সুমনের সঙ্গে সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে ৪০-৫০ জনের একটি দল কার্যালয়ে ঢুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে, টেবিলের ড্রয়ার ভেঙে প্রায় ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় এবং শতাধিক চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।
 
উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ জানান, ভাঙচুরের সময় কয়েকজন অভিযুক্তকে লাঠিসোঁটা হাতে কার্যালয়ে দেখতে পান।
 
উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কুকুমনি বলেন, তারা টাকা সংক্রান্ত বিরোধ মীমাংসার চেষ্টা করতে গিয়েছিলেন; পরে ভাঙচুরের কথা শুনেছেন।
 
অপর অভিযুক্ত জুয়েল ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com