বরিশাল-২ আসনে ভোটের হাওয়া, আট প্রার্থীর প্রচারণায় মুখর উজিরপুর-বানারীপাড়া শান্তিপূর্ণ পরিবেশে শুরু ত্রয়োদশ সংসদ নির্বাচনের লড়াই

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০১:৩১:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০১:৩১:৫৯ পূর্বাহ্ন
 
মোঃ তারিকুল ইসলাম (নয়ন), উজিরপুর (বরিশাল) :
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ আসনে আটজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
 
উজিরপুর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, এখন পর্যন্ত বরিশাল-২ আসনের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে এবং সবাই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছেন। তবে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
 
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক এর প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন, জাসদ মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. এ. জলিল, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।
 
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পোস্টাল ভোটার রয়েছেন ৫ হাজার ১০২ জন। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]