রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১২:২৪:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১২:২৪:৪৩ পূর্বাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক 
 
রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে শুক্রবার সকালে জুরাইনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, সারাদেশে যেই গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না। সরকারের ভেতরে ও বাহিরে আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারছে না। 
 
 
তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সতর্ক করেছে এবং অনুরোধ জানিয়েছে সরকারের ভেতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে। কিন্তু সরকার সেটি করতে পারেনি। আজকে কৃত্রিম গ্যাস সংকট, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এসব কারা করছে?- ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে। তারা চাঁদার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। আরেকটি দল তারা চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে।
 
 
গণভোট প্রসঙ্গে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলেই সেই ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠে। তিনি বলেন, চব্বিশের গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন-গুমের বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোট হ্যাঁ জয়যুক্ত করতে হবে। তিনি, দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]