ভোলা জমি নিয়ে বিরোধে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১২:৪২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১২:৪২:০২ অপরাহ্ন
আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি 


জমিজমা বিরোধের জেরে ভোলায় এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহতের নাম রেজোয়ান আমিন সিফাত। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং নিহত সিফাত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্থানীয়রা জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সিফাত হাওলাদারের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। এর জেরে আজ দুপুরের দিকে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাই হাসিব ও সাকিবের হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে তারা কয়েকজন মিলে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় সিফাতের চিৎকারে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে ভোলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত সিফাতের পিতা আলাউদ্দিন হাওলাদার জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাড়ির কাছেই রাস্তায় উৎপেতে থাকা প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে আমরা ঘটনাস্থলে এসে পাঁচজনকে চিনতে পেরেছি। তারা আমাদের রাজনৈতিক ও পারিবারিক দীর্ঘদিনের শত্রু। তিনি আরো অভিযোগ করে বলেন, হামলাকারীদের মধ্যে হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ অজ্ঞাত আরো সাত-আটজন জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে তিনজন নিহত সিফাতের আপন চাচাতো ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে।

ছাত্রদল নেতার মৃত্যুর খবর শুনে ভোলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান এবং হত্যার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনা স্থলে পাঠিয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com