‎হোসেনপুরে বৃদ্ধ মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসলেন প্রবাসী

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১০:৫৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১০:৫৮:১৮ অপরাহ্ন
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার :

‎মেয়ের বিয়ে বেশ ঘটা করে দিলেন সাবেক মেম্বার ওসমান গণি বাবুল। মেয়েকে নিতে বর আসলেন হেলিকপ্টারে। গ্রামবাংলার বিয়ে মানেই এক আকাশ আনন্দ। কয়েক গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে আদরের মেয়েকে তুলে দিলেন বরের হাতে। প্রধান সড়ক থেকে এক কিলোমিটারের বেশি রাস্তা চোখধাঁধানো আলোকসজ্জা ও কিছুক্ষণ পরপর আধুনিক তোরণ নির্মাণ করা হয়।

‎অন্যদিকে বরের মায়ের ইচ্ছা ছিল, ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই আসলেন বর এবং নববধূ নিয়ে ফিরলেনও হেলিকপ্টারে। কনের বাড়ির বিশাল আয়োজন যেন বরের মায়ের ইচ্ছার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন।

‎সোমবার (২২ ডিসেম্বর) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত মীর বক্সের ছোট ছেলে এবং নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক (আরআই) তাজুল ইসলামের ছোট ভাই ইতালি প্রবাসী শেখ শফিকুল ইসলাম এই বিয়ে সম্পন্ন করেন।
‎দুপুরে বরের বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে তিনি কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বিকেল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজের গ্রামে ফিরে যান। হেলিকপ্টারে আসা নবদম্পতিকে দেখতে স্থানীয় লোকজন ভিড় জমান।
‎স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের শফিকুল দীর্ঘদিন ধরে ইতালির একটি কোম্পানিতে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসার পর পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হয়। কনে উপজেলার হোগলাকান্দি গ্রামের ওসমান গণি বাবুল মেম্বারের মেয়ে সানজিদা সুলতানা রাফি।

‎বর শফিকুল জানান, "আমার মায়ের ইচ্ছে পূরণে পরিবারের সদস্যরা হেলিকপ্টারে আমার বিয়ের আয়োজন করেছেন।" তিনি আরও জানান, বিশেষ করে তাঁর বড় ভাই পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারসহ বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

‎পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম জানান, ভাই-বোনদের মধ্যে শফিকুল সবার ছোট ও আদরের। অসুস্থ বৃদ্ধ মায়ের শেষ ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে করে ছোট ভাইয়ের বউকে আনা হয়েছে। তিনি নবদম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]