বানারীপাড়ায় ওসমান হাদীকে অবমাননা: আওয়ামী নেতার বক্তব্যে উত্তাল এলাকা

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:১৯:৪৮ অপরাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বানারীপাড়ায় সদ্যপ্রয়াত ওসমান হাদীকে নিয়ে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে ঘিরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রেজাউল হাসান হিরণ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার।

স্থানীয়রা জানান, বানারীপাড়া হাইস্কুল মসজিদের পাশ এলাকায় প্রকাশ্যে অবস্থান করে রেজাউল হাসান হিরণ মরহুম ওসমান হাদীকে লক্ষ্য করে গালিগালাজ করেন। এ সময় তিনি তার ব্যক্তিগত সম্মান ও দেশের প্রতি অবদান অস্বীকার করে অবমাননাকর বক্তব্য দেন। একই বক্তব্যে তিনি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং এনসিপির এক নারী নেত্রীকে নিয়ে শালীনতাবিরোধী ও চরিত্রহননমূলক মন্তব্য করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক মো. রাসেল ও জামায়াত নেতা সোহেল জানান, ব্যক্তিগত প্রয়োজনে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তারা মানুষের ভিড় দেখতে পান। সেখানে দাঁড়িয়ে তারা প্রত্যক্ষ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রেজাউল হাসান হিরণ প্রকাশ্যে ওসমান হাদীকে কটূক্তি ও গালিগালাজ করছেন। তাদের ভাষ্যমতে, ঘটনার একটি অংশ গোপনে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বানারীপাড়া জামায়াতে ইসলামীর পৌর আমীর কাওসার হোসাইন বলেন, “মৃত্যুর পরও একজন মানুষকে নিয়ে এমন অশ্লীল বক্তব্য মানবিকতা ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের একজন নেতা যদি এমন আচরণ করেন, তবে তা আইনের দৃষ্টিতেও গুরুতর। আমরা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

নিন্দা জানিয়ে আত-তাওহীদ অর্গানাইজেশন বানারীপাড়ার সাংগঠনিক সম্পাদক আল মাহাদী বিন আব্দুস সালাম বলেন, “রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণীয় একজন ব্যক্তিকে প্রকাশ্যে গালি দেওয়া সমাজ ও রাষ্ট্রের প্রতি অবজ্ঞার শামিল। একজন নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।”

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মাঠপর্যায়ে একটি টিম কাজ করছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com