নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৫:৪৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৫:৪৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফসা বেগমের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বিদ্যালয়ের ছয় শিক্ষক।

অভিযোগপত্রে বলা হয়েছে, সহকারী শিক্ষক (তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান) মোহাম্মদ আলমগীর ২০২৪ সালের জুলাই থেকে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সম্প্রতি হাজিরা খাতায় তাঁর স্বাক্ষর পাওয়া যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

শিক্ষকরা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের আয় নিয়মিত ব্যাংকে জমা না করে তাঁর নিকটেই থাকে। প্রভিডেন্ট ফান্ডের তিন মাসের টাকা বকেয়া রয়েছে। এমনকি বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষকের স্বাক্ষর জাল করে একটি এনজিও থেকে ঋণ গ্রহণের কাগজ জমা দেওয়ার অভিযোগও উত্থাপন করেছেন তারা।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষক পর্ষদের সাথে আলোচনা না করে এককভাবে নেন, ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত সরকারি বইসহ বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ছুটির দিনে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে শিক্ষকদের প্রতি অসদাচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ আছে।

শিক্ষকরা ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফসা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরে ফোন কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন,অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com