চরভদ্রাসনে ম্যাজিস্ট্রেট পরিচয়ে স্বর্ণের দোকানে টাকা দাবি

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:৪০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:৪০:৪৫ পূর্বাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে ভূয়া ম্যাজিস্ট্রেটের প্রতারণা। স্বর্ণের দোকানে গিয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করায় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাহারিয়ার জামান (৫১) রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর এলাকার মৃত মুন্সী আকবর আলীর ছেলে। এর আগে ২০২৪ সালের ১৩ জুন ফরিদপুর সদরের মমিনখারহাটে একই কায়দায় ম্যাজিস্ট্রেট সেজে টাকা দাবি করায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে সুব্রত জুয়েলার্সে গিয়ে তিনি নিজেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করেন। দোকানদার জয়দেবের পরিচিত এক এনজিওকর্মীর সন্দেহ হলে তিনি পূর্বের প্রতারণার একটি ভিডিও দেখান। এরপর কৌশলে তাকে বসিয়ে রেখে বাজারের ব্যবসায়ীদের জানান এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পরে থানা পুলিশ ও সহকারী (ভূমি) কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতারণার সত্যতা পেয়ে শাহারিয়ারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে।

স্বর্ণ ব্যবসায়ী জয়দেব বলেন, “তিনি দোকানে এসে বললেন—ডিসি অফিস থেকে এসেছি, আমি ম্যাজিস্ট্রেট। তাই আপ্যায়ন করছিলাম। পরে টাকা চাইলে সন্দেহ হয়। আমার চেনা এনজিওকর্মী এসে আগের ভিডিও দেখালে আমরা বিষয়টি বুঝতে পারি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, “জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করায় তাকে দণ্ড প্রদান করা হয়েছে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com