নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যাঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়ে প্রকাশিত হয়েছে তরুণ কবি রাজু তুহিনের প্রথম কাব্যগ্রন্থ ‘পথিকের প্রার্থনা’। বইটি প্রকাশ করেছে সারামনি পাবলিকেশন, মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষদের উপস্থিতিতে এক অনাড়ম্বর আয়োজনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবির পরিবার, শিক্ষক, সাহিত্যপ্রেমী, সমাজকর্মী ও তরুণ পাঠকরা।
অনুষ্ঠানে কবির সহপাঠী মহাইমিনুন ইসলাম বলেন, “রাজু তুহিন শুধু কবি নন, তিনি একজন চিন্তাশীল ও আত্মমগ্ন মানুষ। তাঁর কবিতায় আমরা দেখি মাটি, মানুষ ও সময়ের অস্থিরতার প্রতিচ্ছবি। ‘পথিকের প্রার্থনা’ তরুণ পাঠকদের নতুন ভাবনার জগতে নিয়ে যাবে।”
সাহিত্যপ্রেমী ইতি আখতার বলেন, “রাজু তুহিনের কবিতায় প্রেম, বিশ্বাস, বেদনা ও আত্মঅনুসন্ধানের এক অপূর্ব সংমিশ্রণ আছে। তাঁর লেখার প্রতিটি পঙক্তি যেন জীবনের ভেতরের কণ্ঠস্বর।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, সমাজকর্মী রাহাত হোসেন, কবি সুমনা ইয়াসমিন, তরুণ লেখক রিফাত আহমেদ এবং সাংবাদিক মোহন মিয়া।
সাংবাদিক মোহন মিয়া বলেন, “রাজু তুহিনের লেখায় আমি খুঁজে পেয়েছি মাটি ও মানুষের আত্মার স্পর্শ। তিনি গ্রামের ধুলোবালিতে চলাফেরা করেন, কিন্তু তাঁর চিন্তা ছুঁয়ে যায় শহরের আকাশকেও। তাঁর এই বইটি কেবল কবিতা নয়, এটা সময়, সমাজ ও প্রেমের এক সৎ দলিল। আমি বিশ্বাস করি, ‘পথিকের প্রার্থনা’ বাংলা কবিতার পাঠকদের হৃদয়ে এক বিশেষ জায়গা তৈরি করবে।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং অমরখানা ইউনিয়নের সভাপতি আবু মায়েদ সরকার মুকুট ও ১নং অমরখানা ইউনিয়নের ছাত্রদল সভাপতি আতাউল্লাহ।
তারা বলেন. “আমাদের এলাকার সন্তান রাজু তুহিন আজ সারা দেশের পাঠকের কাছে পরিচিত হচ্ছেন-এটা আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর কলমে গ্রামীণ জীবনের সত্য, ভালোবাসা ও মানবতার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়।”
নিজ বক্তব্যে কবি রাজু তুহিন বলেন, “আমি গ্রামবাংলার মাটি, নদী আর মানুষের ভালোবাসায় বড় হয়েছি। ‘পথিকের প্রার্থনা’ আমার জীবনের অভিজ্ঞতা, বেদনা ও আত্মঅনুসন্ধানের এক মেলবন্ধন। আমি চাই পাঠক এই বইয়ে নিজের এক টুকরো জীবন খুঁজে পাক।”
অনুষ্ঠানের শেষে কবি পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাহিত্যকে আমি ভালোবাসি জীবনের মতো করে। এই বইয়ের প্রতিটি কবিতা আমার অন্তরের যাত্রার সাক্ষ্য-পথিকের মতো আমি চলছি, আর পাঠকরা সেই যাত্রার সঙ্গী।”
কবি রাজু তুহিন পঞ্চগড় জেলার হাবিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া গ্রামের মুসল্লি বংশের কৃতি সন্তান। তাঁর পিতা মোঃ শাহজাহান মাস্টার, একজন সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দাদা মোঃ জালাল উদ্দিন মেম্বার ছিলেন সমাজের এক আলোকিত মানুষ, যাঁর ন্যায়, সততা ও মানবিকতার উত্তরাধিকার বহন করছেন কবি রাজু তুহিন।
এই মুসল্লি বংশ শিক্ষা, ধর্ম ও মানবিকতায় সমৃদ্ধ ঐতিহ্যের বাহক।
কবি রাজু তুহিন সেই গৌরবের ধারক—তাঁর কবিতায় ফুটে ওঠে মানুষের মর্মবেদনা, প্রেম ও আত্মার চিরন্তন ডাক।
বইয়ের তথ্যসংক্ষেপ:
বইয়ের নাম: পথিকের প্রার্থনা
কবি: রাজু তুহিন
মূল্য: ২০০ টাকা
প্রকাশক: সারামনি পাবলিকেশন, পঞ্চগড়
বই ক্রয়ের যোগাযোগ: ০১৭৬৭০৮৫৬১৯