নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় নির্মাণাধীন বাইপাস সড়কে আকস্মিক মশাল মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে মশাল মিছিল করছিল-এ সময় ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আলম মিয়া, মোঃ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তাদের সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজ মুঠোফোনে জানান, আটক সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।