নেত্রকোণা প্রতিনিধি :
দীর্ঘ ৩০ বছর কারাদণ্ড ভোগ শেষে মুক্তি পাওয়া নেত্রকোনার কেন্দুয়ার বাসিন্দা এমরানুল ইসলাম মুছা এমরানুল ইসলাম খান-কে পুনর্বাসনের অংশ হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, নেত্রকোনা।
বুধবার (৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক তুলে দেন নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ DC Netrokona–তে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে এমরানুল ইসলাম খানের সুস্থ, স্বাভাবিক ও কর্মমুখী জীবনে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, প্রবেশন অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, কেন্দুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওয়াশেরপুর গ্রামের বাসিন্দা এমরানুল ইসলাম মুছা ৩০ বছরের সাজা ভোগের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার (মুক্তি শাখা) থেকে মুক্তি পান। তাঁর বাবার নাম মৃত আ. রহমান।