মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া (ছদ্মনাম) ভ্যানযোগে তার নানাবাড়ি যাচ্ছিল। সামিয়া উপজেলার ছোট কান্দ্রা মন্ডলপাড়া গ্রামের সানোয়ার হোসেন ও জান্নাতী খাতুন দম্পতির মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সামিয়া কান্দ্রা গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে। সে সাহেব আলীর ভ্যানে করে পার্শ্ববর্তী বিলপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে পালাপাড়া কবরস্থানের সামনে পৌঁছালে অভিযুক্ত ভ্যানচালক সাহেব আলী সুযোগ বুঝে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি ঘটায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী সামিয়াকে তার নানাবাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সামিয়া তার পরিবারের কাছে শ্লীলতাহানির কথা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয়রা সামিয়ার পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দিলে তার বাবা সানোয়ার হোসেন পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর বাবা সানোয়ার হোসেন জানান, আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজটা করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।