মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সাপসহ হাসপাতালে হাজির হয়েছেন, সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে চারটার দিকে ছোবল দেওয়া সাপটিকে একটি বোয়ামে ভরে ছেলে সুরেশ চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। সুমিত্রা রানী ওই গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
তার ছেলে সুরেশ জানান, “দুপুরে মা ঘরের কাজ করছিলেন। একটি বোয়াম পরিষ্কার করার সময় সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ছুটে গিয়ে সাপটিকে দেখি এবং বোয়ামে ভরে মাকে হাসপাতালে নিয়ে আসি।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “বিকেল সাড়ে চারটার দিকে এক রোগী কামড়ানো সাপসহ হাসপাতালে আসেন। তাকে বিষধর কোবরা সাপ কামড়েছে বলে নিশ্চিত হওয়ার পরই চিকিৎসা শুরু করি।
এন্টিভেনম দেওয়া হয়েছে, এবং রোগীকে এখন অবজারভেশনে রাখা হয়েছে। আমরা হাসপাতালে সবসময় এন্টিভেনম মজুত রাখি যাতে সাপে কামড়ানো রোগী এলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।”