সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে ইসরাইলি সাঁজোয়া যান

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৫:০৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৫:০৮:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের সীমান্ত এলাকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাঁজোয়া যান ও ট্যাংক নিয়ে আকস্মিক অনুপ্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়েছে। অধিকৃত গোলান মালভূমি সংলগ্ন এই কৌশলগত সীমান্ত অঞ্চলে ইসরাইলি বাহিনীর গতিবিধি স্থানীয় পর্যায়ে নতুন করে তীব্র উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য নিশ্চিত করেছে।


সরকারি সূত্র এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুপ্রবেশের ঘটনাটি দুই পৃথক এলাকায় ঘটেছে। প্রথম ঘটনায়, ইসরাইলি বাহিনীর চারটি বিশেষ সামরিক যান কুনেইত্রার দক্ষিণাঞ্চলীয় গ্রামীণ এলাকা সাইদা আল-হানউত গ্রামে প্রবেশ করে। সেনাসদস্যরা কয়েকটি আবাসিক বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়েছে, তবে কোনো নাগরিককে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি। ইসরাইলি বাহিনী এই অভিযানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


এর কিছু সময় পরই দ্বিতীয় ঘটনা ঘটে। কুনেইত্রার দক্ষিণাঞ্চলের আল-মুয়াল্লাকা গ্রামের উপকণ্ঠে অবস্থিত তেল আল-দ্রেইয়াত এলাকায় ইসরাইলি তিনটি শক্তিশালী ট্যাংক সীমান্ত অতিক্রম করে কিছু সময় অবস্থান নেয়। কোনো বড় সংঘাত বা গোলাগুলির ঘটনা ছাড়াই পরবর্তীতে ট্যাংকগুলো পূর্বের অবস্থানে ফিরে যায়।


বিশ্লেষকরা বলছেন, গোলান মালভূমি সংলগ্ন এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক সময়ে যেকোনো সামরিক মুভমেন্ট আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ইসরাইলি বাহিনীর এই আকস্মিক অনুপ্রবেশ নিয়মিত নজরদারি নাকি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযান, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং সীমান্তে কড়া নজরদারি জারি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]