নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নিখোঁজের তিনদিন পর কিশোর ভ্যানচালক অনিক মোল্যা উসমানের (১৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোলী বাজার সংলগ্ন শীতলবাটী এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনায় ভুক্তভোগী অনিক মোল্যার ভাসমান লাশ দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌপুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে।


কিশোর ভ্যানচালক অনিক মোল্যা উসমান সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন শিপু মোল্যার ছেলে।


নৌপুলিশ ও নিহত উসমানের স্বজনরা জানান, গত ২৫ নভেম্বর (বুধবার) বাড়ি থেকে ভ্যান নিয়ে পাশের রঘুনাথপুর বাজারে যায় উসমান। এ সময় উসমান ও রিহাদ দু’টি ভ্যানে যাত্রী নিয়ে পিরোলীস্থানের দিকে যায়। এরপর থেকে ভ্যানসহ দুই চালক উসমান ও রিহাদ নিখোঁজ ছিল। ওইদিন রাতে পিরোলীস্থানে চিত্রা নদী থেকে গুরুতর আহত অবস্থায় রিহাদকে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রিহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে এখনো অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছে।


গুরুতর আহত রিহাদ কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।


দুই কিশোরের ভ্যান ছিনিয়ে নিয়ে তাদেরকে পিরোলীস্থানে চিত্রা নদীতে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার। এ ঘটনায় ছিনতাই হওয়া ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের খুঁজে দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীদের পরিবার।


এ বিষয়ে নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘খবর পেয়ে পিরোলী বাজার সংলগ্ন চিত্রা নদীর মোহনা থেকে উসমানের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। উসমানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।’