মাসুম অপু
দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, ছবিটা ষাটের দশকের গোড়ায় বানানো! ঢাকার চলচ্চিত্রশিল্প তখন সবে গড়ে উঠছে। সেই সময়ে একজন তরুণ তাঁর পরিচালিত প্রথম ছবিতেই আলো আর ক্যামেরা দিয়ে এভাবে রহস্য তৈরি করেছেন। রাস্তাটা সরাসরি দেখানোর আগে জমে থাকা পানিতে আলো দেখিয়েছেন। ঘরের দৃশ্যেও ঠিক ততটুকুই দেখতে দিয়েছেন, যতটুকু দেখলে পরের দৃশ্যটা দেখার আগ্রহ জাগে। ৬৫ বছর পরও তাঁর গল্প বলার এই ভঙ্গি আমার কাছে আধুনিক লেগেছে।
‘কখনো আসেনি’ মুক্তি পায় ১৯৬১ সালের ২৪ নভেম্বর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তালিকা এবং অনুপম হায়াতের ‘বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস’ অবলম্বনে প্রকাশিত লেখায় একই তারিখ পাওয়া যায়। আজ পূর্ণ হলো ছবিটির ৬৫ বছর। মুক্তির সময় জহির রায়হানের বয়স ছিল ২৬।
একই বাড়ি, আরেক চিত্রশিল্পী ওটিটি যুগে ভিকি জাহেদের মতো আজকের তরুণ নির্মাতাদের হরর বা থ্রিলার দেখতে বসলে চেনা কোনো বাড়ি কিংবা অস্বাভাবিক একটি দৃশ্য থেকে রহস্য জমতে দেখি। ‘কখনো আসেনি’র শুরুটা দেখে সে কথাই মনে পড়ছিল। দুই নারীর মৃত্যুর ব্যাখ্যা মেলে না। তাঁদের ভাইও পরে মারা যান। এরপর সেই বাড়িতেই বাবা ও দুই বোনকে নিয়ে এসে ওঠেন আরেক চিত্রশিল্পী, শওকত। আবার একজন চিত্রশিল্পী, আবার দুই বোন। জহির রায়হান এখানেই দর্শকের মনে ভয় ঢুকিয়ে দেন। আগের পরিবারের সঙ্গে যা ঘটেছে, এই পরিবারের সঙ্গেও কি তা-ই ঘটবে? এরপর আমাদের চোখ যায় পাশের বাড়ির বারান্দায়। সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন মরিয়ম। বাড়ির মালিক সুলতান শিল্পকর্ম সংগ্রহ করেন। মরিয়মকেও তিনি রাখেন তাঁর সংগ্রহের সবচেয়ে দামি শিল্পকর্মের মতো। শওকতের সঙ্গে পরিচয়ের পর সেই বারান্দার বাইরে মরিয়মকে দেখি। দুজন গ্রামে যান। শওকত ছবি আঁকেন। একসঙ্গে বৃষ্টিতে ভেজেন তাঁরা। আবার দেখতে গিয়ে এই দৃশ্যটা আমার বিশেষ ভালো লেগেছে। বারান্দায় মরিয়মকে স্থির দাঁড়িয়ে থাকতে হয় সুলতানের ইচ্ছায়। এখানে তিনি নিজের ইচ্ছায় বৃষ্টিতে ভিজছেন। নিজের মতো করে কাটানো এই সামান্য সময়টুকু দেখেই বোঝা যায়, মরিয়ম কী চান। মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন সুমিতা দেবী। শওকতের ভূমিকায় খান আতাউর রহমান, সুলতানের ভূমিকায় সঞ্জীব দত্ত। শওকতের এক বোনের চরিত্রে দেখা যায় শবনমকে। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন কিউ এম জামান। খান আতাউর রহমান অভিনয়ের পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন।
ঘরে চাল নেইশওকতের বাবা চাকরি হারান। সন্তানদের কাছে খবরটি লুকিয়ে প্রতিদিন অফিসের সময়টুকু বাইরে কাটান। বাবা মারা গেলে সংসারের ভার পড়ে শওকতের ওপর। এক রাতে দুই বোনের কথা শুনে তিনি জানতে পারেন, তারা তাঁকে খেতে দিয়েছে, নিজেরা খায়নি। ঘরে চাল নেই। একসময় শওকত নিজের আঁকা ছবিগুলো ছিঁড়ে ফেলেন। পাশের বাড়িতে সুলতানের টাকা আছে শিল্পকর্ম কিনে ঘর ভরানোর। এ বাড়িতে শওকতের আঁকা ছবির ক্রেতাও মেলে না। মরিয়ম যখন তাঁকে দূরে কোথাও চলে যেতে বলেন, শওকতের সামনে এসে দাঁড়ায় এই সংসারের হিসাব। দুই বোনকে রেখে তিনি কোথায় যাবেন?এখানে এসে শুরুর ক্যানভাসটির কথা আবার মনে পড়ল। সেখানে দুই নারীর শুয়ে থাকার ভঙ্গি পর্যন্ত ধরা ছিল। তাঁদের জীবনে কী ঘটেছিল, তা সেই ছবি দেখে জানা যায়নি। শওকতের বোনেরা নিজেদের খাবারটুকু ভাইয়ের জন্য তুলে রাখার পর ওই প্রথম দৃশ্যটিও আমার কাছে বদলে গেল। পাশাপাশি শুয়ে থাকা দুজন মানুষের একটি ছবির আড়ালে কত অভাব, কত মায়া অদেখা থেকে যেতে পারে। প্রকাশিত ‘দেশি চলচ্চিত্রের অর্ধেক জীবন ও জহির রায়হান’ লেখায় মনিরা শরমিন ‘কখনো আসেনি’ ও ‘কাঁচের দেয়াল’ নিয়ে লিখেছেন, ‘চলচ্চিত্র দুটিতে মজা হলো গতানুগতিক সম্পর্কের যে ধরন, তা ভেঙে ফেলার প্রবণতা।’ সুলতানের সঙ্গে মরিয়মের সম্পর্ক এবং শওকতসহ চিত্রশিল্পীদের সঙ্গে তাঁর প্রেমের মধ্য দিয়ে মরিয়মের মুক্তির আকাঙ্ক্ষা কীভাবে ফুটে উঠেছে, সে কথাও বলেছেন তিনি।
মরিয়মের পর হাসিনা‘কখনো আসেনি’তে গান গেয়েছিলেন কলিম শরাফী। পরের বছর তাঁর সঙ্গেই যৌথভাবে ‘সোনার কাজল’ পরিচালনা করেন জহির রায়হান। ১৯৬৩ সালে মুক্তি পায় তাঁর ‘কাঁচের দেয়াল’। সে ছবির হাসিনাও নিজের মতো করে বাঁচতে চান। একসময় বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মরিয়মের অপেক্ষার কথা মনে থাকলে হাসিনার সেই সিদ্ধান্তের গুরুত্ব আরও স্পষ্ট হয়।১৯৬৫ সালের পাকিস্তান চলচ্চিত্র উৎসবে ‘কাঁচের দেয়াল’ শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়। একই আসরে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান জহির রায়হান। ছবিটি মোট ১১টি পুরস্কার জিতেছিল।
‘কখনো আসেনি’ দিয়ে শুরু হওয়া সেই যাত্রা কত দূর গিয়েছিল, তার কথা লিখেছেন প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘জহির রায়হান অনুসন্ধান ও ভালোবাসা’ গ্রন্থের সম্পাদক মতিউর রহমান। তাঁর ভাষায়, ‘বাংলা ও উর্দু চলচ্চিত্র আর ইংরেজি প্রামাণ্যচিত্র নির্মাতা জহির রায়হান এ দেশের চলচ্চিত্র আন্দোলনের চিরস্মরণীয় নাম। ১৯৬১ সালে “কখনো আসেনি” দিয়ে তাঁর যে চলচ্চিত্র যাত্রা, তা ক্রমশ ইতিহাস সৃষ্টি করে “সোনার কাজল”, “কাঁচের দেয়াল”, “সংগম”, “বাহানা”, “বেহুলা”, “জ্বলতে সুরজকে নিচে”, “জীবন থেকে নেয়া”, “স্টপ জেনোসাইড”, “আ স্টেট ইজ বর্ন”-এর মতো একগুচ্ছ সাড়াজাগানো, পুরস্কৃত এবং বাঁকবদলকারী চলচ্চিত্রকর্মের সূত্রে।’
আবার সেই বারান্দায়শেষে মরিয়ম আবার বারান্দায়। পাশের বাড়িতে নতুন মানুষ উঠছেন। তাঁদের মধ্যেও একজন চিত্রশিল্পী আর তাঁর দুই বোন। মরিয়ম তাকিয়ে থাকেন। দর্শক হিসেবে আমার মনে পড়ে যায় শুরুর দৃশ্যের কথা। একই বাড়িতে তৃতীয়বার এক চিত্রশিল্পী এলেন। এবার কী হবে, তা জানার আগেই ছবি শেষ।ছবি শেষ করে মনে হলো, শুরুর ওই আঁকা ছবিটা দিয়ে জহির রায়হান যে প্রশ্নটা তুলেছিলেন, তার উত্তর খুঁজতে খুঁজতে আমি কখন মরিয়মের অপেক্ষার সঙ্গী হয়ে গেছি, টের পাইনি। আবার ভাবলে বৃষ্টির দৃশ্যটার কথাও মনে পড়ে। সেখানে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল, নিজের ইচ্ছায় বাঁচতে পারলে মরিয়ম কেমন থাকেন। ঢাকার চলচ্চিত্রশিল্পের শুরুর দিনে জহির রায়হান এতটা ভেবেছিলেন আলো নিয়ে, ক্যামেরা নিয়ে, সেই ক্যামেরার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে।
‘কখনো আসেনি’ আবার দেখে আমার মনে হয়েছে, নিজের সময়ের চেয়ে তিনি কতটা এগিয়ে ছিলেন, তা বুঝতে শেষ দৃশ্যে বারান্দায় দাঁড়িয়ে থাকা মরিয়মের দিকে একবার তাকালেই হয়। তাঁর অপেক্ষা ফুরোবে কি না, ৬৫ বছর পরও সেটা জানতে ইচ্ছা করে।





