বিনোদন ডেস্ক
তাঁকে বলা হয় কিং খান কিংবা বাদশাহ। পর্দায় কখনো প্রিয়তমার চোখে হারিয়ে যেতে চেয়েছেন, কখনো দুই হাত ছড়িয়ে জানিয়েছেন ভালোবাসার কথা। শাহরুখ খানের প্রেম নিবেদনের ভঙ্গি কয়েক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত। বলিউডের সেই ‘কিং অব রোমান্স’ই কিনা একসময় নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিব্রত হয়েছেন! নিজের চেয়ে অনেক কম বয়সী এক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এবার মজার এক ঘটনার কথা জানালেন শাহরুখ। সেই অভিজ্ঞতাই তাঁকে নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা নতুন করে ভাবতে শিখিয়েছে। শুক্রবার মুম্বাইয়ে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের এই তারকা। সেখানে নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। একপর্যায়ে উঠে আসে সহশিল্পীদের সঙ্গে তাঁর বয়সের ব্যবধানের প্রসঙ্গ।
প্রেমের সংলাপের সঙ্গে গণিতের বাড়ির কাজএকটি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে শাহরুখ জানান, দৃশ্যটিতে তাঁর এক তরুণী সহশিল্পীর কাছে ভালোবাসার কথা জানানোর কথা ছিল।
রোমান্টিক সংলাপ বলতে গিয়ে বয়সের ব্যবধানটা এতটাই অনুভব করছিলেন যে তাঁর মনে হচ্ছিল, প্রেমের কথার শেষে মেয়েটিকে গণিতের বাড়ির কাজ নিয়েও জিজ্ঞেস করা যায়।ঘটনাটি রসিকতার ছলে বর্ণনা করে শাহরুখ বলেন, ‘মা, কাল সকালের গণিতের বাড়ির কাজটা করেছ তো?’শাহরুখের এমন মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠেন। তবে কোন সিনেমার শুটিংয়ে এমন অভিজ্ঞতা হয়েছিল কিংবা সেই অভিনেত্রী কে, তা প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছেন, করণ জোহর ঘটনাটি সম্পর্কে জানেন।
নিজের বয়সেই নায়ক হতে চান২ নভেম্বর ৬১ বছর পূর্ণ করেছেন শাহরুখ খান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পর্দায় নিজের উপস্থাপন নিয়েও বদলেছে তাঁর ভাবনা। কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সেই পরিবর্তনে ভূমিকা রেখেছে।
শাহরুখ মনে করেন, নিজের বয়সের কাছাকাছি চরিত্রে অভিনয় করেও একজন অভিনেতা নায়ক হিসেবে দর্শকের কাছে আকর্ষণীয় থাকতে পারেন। বয়স লুকানোর পরিবর্তে বয়সের বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগাতে চান তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ তাঁর ধূসর চুলের লুকেও সেই ভাবনার প্রতিফলন ঘটেছে।তবে বয়স হয়েছে বলে নায়ক হওয়ার আকাঙ্ক্ষা ফুরিয়ে যায়নি শাহরুখের; বরং ষাট পেরিয়েও নিজের বয়সের চরিত্রে অভিনয় করে নায়ক হিসেবে গ্রহণযোগ্যতা ধরে রাখা যায় কি না, সেটাই দেখতে চান তিনি।
মেয়েরা যেন বলেন, আমার বাবাও এমন হোক‘কিং’ শাহরুখের জন্য আরেকটি কারণেও বিশেষ। এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান।একসময় শাহরুখের অভিনীত চরিত্র দেখে দর্শকেরা আদর্শ প্রেমিকের কথা ভাবতেন। এবার তরুণ প্রজন্ম তাঁর চরিত্রের মধ্যে একজন আদর্শ বাবার প্রতিচ্ছবি খুঁজে পাক, এমনটাই প্রত্যাশা এ অভিনেতার।শাহরুখ চান, সিনেমাটি দেখার পর তরুণীরা যেন মনে করেন, তাঁদের বাবাও এমন হতে পারতেন।
১৫ বছর পর শাহরুখ–কারিনাএদিকে ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ শাহরুখের সঙ্গে দেখা গেছে কারিনা কাপুর খানকে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’-এর ১৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন তাঁরা।
বনি এমের জনপ্রিয় ডিসকো গান ‘ড্যাডি কুল’ অবলম্বনে তৈরি হয়েছে নতুন গানটি। শচীন–জিগরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানের কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ অহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।





