নিজস্ব প্রতিবেদক
বিদেশে গিয়ে কোনো বাংলাদেশি নাগরিক গ্রেফতার হলে কিংবা গুরুতর অপরাধে বিচারের মুখোমুখি হলে তার আইনি অধিকার কী? সংশ্লিষ্ট দেশের আদালতে বিচার চললেও নিজ দেশের
দূতাবাস কি তার পাশে দাঁড়াতে পারে? আইনজীবী নিয়োগ, পরিবারের সঙ্গে যোগাযোগ কিংবা মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজা ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ কতটুকু? সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এসব প্রশ্ন নতুন করে সামনে এনেছে। এছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের আইনি জটিলতায় পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর একটি আলোচিত উদাহরণ বাদল ফরাজি। ২০০৮ সালে ভারতের দিল্লিতে এক নারী হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম ছিল বাদল সিং। একই বছরের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে হত্যাকাণ্ডের আসামি বাদল সিং হিসেবে গ্রেফতার দেখায়। ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হয় তাকে। বাদল ফরাজির ঘটনা দেখিয়েছে, বিদেশে গ্রেফতার হওয়ার পর একজন বাংলাদেশি নাগরিকের জীবন কতটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারে। একই সঙ্গে তার আইনি লড়াইয়ে নিজ দেশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নও সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও একই ধরনের উদ্বেগ তৈরি করেছে। সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাআজির আইনে তাদের বিচার করা হয়। পরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অভিযোগ উঠেছে, বিচারিক প্রক্রিয়া চলাকালে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কিছুই জানতে পারেনি। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের আগেও বাংলাদেশ সরকারকে বিষয়টি জানানো হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কোনো বাংলাদেশি নাগরিক
বিদেশের আইন ভঙ্গ করে বিচারের মুখোমুখি হলে এবং তার বিরুদ্ধে দণ্ড দেওয়া হলে সংশ্লিষ্ট দেশের বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের তেমন কিছু করার থাকে না। তবে বিদেশের আদালতের রায়ে হস্তক্ষেপ করা আর বিচার চলাকালে একজন নাগরিককে আইনি সহায়তা দেওয়া এক বিষয় নয়। বাংলাদেশের কোনো দূতাবাস বিদেশি আদালতের বিচারককে নির্দেশ দিতে পারে না, কিন্তু আটক নাগরিকের অধিকার রক্ষা এবং প্রয়োজনীয় কনস্যুলার






