উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কনিকাড়া গ্রামের বাসিন্দা বাছির মিয়ার ছেলে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নবীনগরে নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন আশরাফ হোসেন রাজু। অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা হবে। এরপর বাদ আসর নিজ গ্রাম গ্রামের খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে কনিকাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তিনি নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আশরাফ হোসেন রাজুর এই অকাল ও মর্মান্তিক প্রয়াণে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





