খেলা ডেস্ক
ব্যালন ডি’অর
স্পেনে তাঁরা ছিলেন দুই মেরুর বাসিন্দা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাপিয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ একসময় হয়ে উঠেছিল বিশ্ব–ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। ব্যালন ডি’অরের মঞ্চেও সেই লড়াইয়ের ছাপ। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর।
কিন্তু মজার ব্যাপার হলো, পুরস্কারের বিচারক হিসেবে দুজনের রুচিতে মিল খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। মেসি কখনো ভোট দেননি রোনালদোকে। রোনালদোও ভোট দেননি মেসিকে। নিজেদের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদেরই তাঁরা প্রাধান্য দিয়েছেন বেশির ভাগ সময়।
তারপরও দুজনের একটা অদ্ভুত মিল আছে। ব্যালন ডি’অরে ভোটের ইতিহাসে মাত্র দুজন ফুটবলার আছেন, যাঁরা ভোট পেয়েছেন মেসি ও রোনালদোর। একজন জাভি হার্নান্দেজ, অন্যজন নুনো মেন্দেজ।
শুরুটা ২০১০ সালে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরে ভোট দেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর সামনে ছিল তিনটি নাম বেছে নেওয়ার সুযোগ।
রোনালদোর প্রথম পছন্দ ছিলেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ। নিজের ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াসকে রেখেছিলেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ইন্টার মিলানের ওয়েসলি স্নেইডার। এটা কম বিস্ময়কর ছিল না। স্পেনের বিশ্বকাপ জয়ের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন জাভি। পেপ গার্দিওলার বার্সেলোনার ফুটবল-দর্শনেরও অন্যতম স্থপতি তিনি। রোনালদো তাঁকেই দিয়েছিলেন সর্বোচ্চ ৫ পয়েন্ট।
ওই বছর মেসি আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন না। ফলে ২০১০ সালের ব্যালন ডি’অরে তাঁর ভোট দেওয়া হয়নি। তিনি ভোট দেওয়া শুরু করেন ২০১১ সাল থেকে। মেসিও জাভিকে ভোট দিয়েছেন টানা তিন বছর। ২০১১ সালে প্রথম, ২০১২ ও ২০১৩ সালে দ্বিতীয় স্থানে রেখেছিলেন বার্সেলোনার এই মিডফিল্ডারকে। অর্থাৎ এল ক্লাসিকোর উত্তপ্ত দিনগুলোতেও জাভির ফুটবল–প্রতিভা নিয়ে মেসি বা রোনালদো কারও সংশয় ছিল না।
ব্যালন ডি’অরে মেসি-রোনালদো দুজনেরই ভোট পাওয়া দ্বিতীয় নামটি নুনো মেন্দেজ। ২০২১ সালে ব্যালন ডি’অরের তরুণ প্রতিভা নির্বাচনের ভোটে পর্তুগিজ ডিফেন্ডারকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন রোনালদো। প্রথম স্থানে ছিলেন ম্যাসন গ্রিনউড।
মজার ব্যাপার, একই বছর মেসিও নুনো মেন্দেজকে রেখেছিলেন দ্বিতীয় স্থানে। তখন দুজনই পিএসজির সতীর্থ। মেসি ২০২২ সালেও মেন্দেজকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন।তবে মেসির ভোটে আরেকটি নাম আলাদা করে নজর কাড়ে। জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এ ইংলিশ মিডফিল্ডারকে টানা তিন বছর, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে তৃতীয় স্থানে রেখেছেন মেসি। প্রথম দুই বছর বেলিংহাম খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে। ২০২৩ সাল থেকে তিনি রিয়াল মাদ্রিদের তারকা।
আরেকটা তথ্য দিয়ে রাখা ভালো। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত তরুণ প্রতিভা নির্বাচনে ছয়বার ভোট দিয়ে পাঁচবারই সঠিক বিজয়ীর নাম অনুমান করেছেন মেসি। তবে পেদ্রি, গাভি, লামিনে ইয়ামালদের মতো বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার প্রতিভাদের প্রতি তাঁর পক্ষপাত ছিল স্পষ্ট।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরেও ভোট দিয়েছেন মেসি। কিন্তু কোনোবারই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়কে ভোট দেননি। রোনালদোকেও নয়। তাই বেলিংহামকে ভোট দেওয়ার ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত ফুটবল–প্রতিভার কোনো ক্লাব-জার্সি নেই। মেসি-রোনালদো দুজনেই তো সেটা জানেন।






