ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢালীবাড়ী মোড় এলাকায় বন বিভাগের জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগ উঠেছে। হবিরবাড়ী মৌজার সিএস ১৭০ নম্বর দাগের ওই জমিটি দীর্ঘদিন ধরে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় মৃত মোল্লা বক্সের ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর ছোট ভাই কামাল হোসেনসহ এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমিতে কবরস্থান হিসেবে স্থানীয়রা তাঁদের স্বজনদের দাফন করে আসছেন। সেখানে অভিযোগকারীদের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন ব্যক্তির কবর রয়েছে। সম্প্রতি কবরস্থান হিসেবে ব্যবহৃত ওই জমি বিক্রির করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কামাল হোসেন জানান, ১৯৭৭ সালে ওই কবরস্থানে প্রথম বাজারের ব্যবসায়ী আব্দুর রহিমের বাবা আতাউর রহমান মুন্সিকে দাফন করা হয়। পরবর্তী সময়ে সেখানে এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিট কর্মকর্তা তাহের বিশ্বাসকেও দাফন করা হয়। এ ছাড়া তাঁদের বাবা মোল্লা বক্স, মা, দুই বোন ও এক নাতির কবরও রয়েছে ওই স্থানে। কামাল হোসেনের দাবি, জমিটি বন বিভাগের সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ওই জমি বিক্রির কোনো সুযোগ নেই। কবরস্থান হিসেবে ব্যবহৃত জমি বিক্রির উদ্যোগ নেওয়া হলে তা স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতি ও জনস্বার্থের পরিপন্থী হবে।
এ বিষয়ে কামাল হোসেন সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং বনভূমির অস্তিত্ব রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কবরস্থান রক্ষায় সুবিচার চেয়ে কামাল হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।






