নিজস্ব প্রতিবেদক
কানাডার কুইবেক প্রদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চলের দিকে ওপর থেকে তাকালে গোল একটি বলয় চোখে পড়ে। চারপাশ দিয়ে আংটির মতো বৃত্তাকার জলরাশি আর ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি পাহাড়। অদ্ভুত এ ভূপ্রকৃতি দেখতে অবিকল মানুষের চোখের মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘কুইবেকের চোখ’।
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী প্রায় ২১ কোটি ৪০ লাখ বছর আগে প্রায় পাঁচ কিলোমিটার চওড়া এক দানবীয় উল্কাপিণ্ড প্রচণ্ড বেগে আছড়ে পড়েছিল কানাডার এ অঞ্চলে। সে আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর ফলে ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল সুদূর জাপান পর্যন্ত। ধারণা করা হয়, এ মহাজাগতিক বিস্ফোরণে সাগরের বিপুল জলজ প্রাণী ও বাস্তুতন্ত্র এক নিমেষে ধ্বংস হয়ে গিয়েছিল। উল্কাপাতের সেই তীব্র ধাক্কায় ভূত্বক ধসে গিয়ে তৈরি হয় ৭২ কিলোমিটার চওড়া ‘ম্যানিকোউগান গহ্বর’ যা পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে প্রাচীন ও সংরক্ষিত উল্কাপাতের স্থলগুলোর একটি। আঘাতের পর ভূগর্ভের শিলাস্তর তীব্রবেগে উল্টো দিকে ছিটকে ওপরে উঠে আসে। এতে গহ্বরের ঠিক কেন্দ্রবিন্দুতে মাথা তোলে ৯৫২ মিটার উঁচু ‘মঁ-বাবেল’ পাহাড়।
তবে উল্কাপাতের পর এলাকাটি কিন্তু পানির বৃত্ত ছিল না। ১৯৬০-এর দশকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করে কানাডার বিদ্যুৎ সংস্থা হাইড্রো-কুইবেক। বাঁধগুলোর কারণে নদীগুলোর পানি গহ্বরে আটকে গিয়ে টানা ৯ বছরে বিশাল এক জলাধারে রূপ নেয়। পানি উপচে কেন্দ্রীয় পাহাড়টির চারপাশ ঘিরে তৈরি করে এক নিখুঁত গোল বৃত্ত। ১৯৮৩ সালে মহাকাশচারীদের ছবিতে প্রথম এ অদ্ভুত দৃশ্য স্পষ্ট ধরা পড়ে।
বর্তমানে দুর্গম ‘রুট ৩৮৯’ ধরে শুরু হওয়া রোমাঞ্চকর রোড ট্রিপে বহু পর্যটক এ সংরক্ষিত হ্রদে আসেন। পথে সেন্ট লরেন্স নদীতে দেখা মেলে বিরল বেলুগা তিমির। তবে বাঁধ নির্মাণের আগে এটি ছিল স্থানীয় আদিবাসী ‘ইন্নু’দের হাজার বছরের আবাস। বাঁধের পানিতে তাঁদের প্রাচীন শিকারের পথগুলো তলিয়ে যায়। এখন হ্রদের তীরে একটি পরিবেশবান্ধব লজ চালাচ্ছেন ইন্নুরাই। জঙ্গল থেকে আনা নানা ভেষজ উপাদানে রান্না করা খাবারে পর্যটকদের আপ্যায়ন করার পাশাপাশি তাঁরা তুলে ধরছেন তাঁদের হারিয়ে যাওয়া সেই জীবনের গল্প।






