ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিন ধরে সঞ্চয়পত্রের টাকা উত্তোলন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ২০:২৫:১৭
১০ দিন ধরে সঞ্চয়পত্রের টাকা উত্তোলন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক ১০ দিন ধরে সঞ্চয়পত্রের টাকা উত্তোলন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

বরিশালে গত প্রায় ১০ দিন ধরে সঞ্চয়পত্রের মুনাফা ও মেয়াদপূর্তির পর আসল টাকা উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। একই সঙ্গে নতুন করে সঞ্চয়পত্র কেনার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল অঞ্চলের লক্ষাধিক বিনিয়োগকারী।

 

বিশেষ করে পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের যেসব গ্রাহক মাসিক মুনাফার অর্থ দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করেন, তাদের দুর্ভোগ বেড়েছে সবচেয়ে বেশি।

 

গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসের নির্ধারিত সময়ে তাদের ব্যাংক হিসাবে সঞ্চয়পত্রের মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও গত প্রায় ১০ দিন ধরে তা হচ্ছে না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বিষয়টি নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সমস্যাটি শুধু বরিশাল অঞ্চলের নয়, বরং সারা দেশেই এ পরিস্থিতি বিরাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।

 

এদিকে সঞ্চয়পত্রের মুনাফা পরিশোধে বিঘ্ন সৃষ্টির ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের অধিকাংশ সময় একই ধরনের পরিস্থিতি অব্যাহত ছিল। এছাড়া বিগত দুটি ঈদ উৎসবের টানা ৭ থেকে ৮ দিনের ছুটি এবং গত ২০ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজার পাঁচ দিনের ছুটির সময়ও পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের মাসিক মুনাফা এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুলসংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে প্রাপ্য অর্থ জমা হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

সাম্প্রতিক সময়ে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষ এবং সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঞ্চয়পত্রের অর্থ উত্তোলন নিয়ে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

 

গত কয়েক দিন ধরে বরিশালের বিভিন্ন ব্যাংকের কাউন্টারে সঞ্চয়পত্রের গ্রাহকদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে মুনাফার অর্থ না পাওয়ায় অনেক গ্রাহক দৈনন্দিন সংসার পরিচালনা ও আর্থিক পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েছেন। একই সঙ্গে মেয়াদপূর্তির পরও আসল টাকা উত্তোলন করতে না পারায় নতুন করে আর্থিক সংকটে পড়ছেন অনেকে।

 

অন্যদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে অর্থ পরিশোধে বিলম্বের বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগও উঠেছে। কেউ কেউ বিষয়টিকে সরকারের অর্থসংকটের সঙ্গে যুক্ত করে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও আসল অর্থ পরিশোধ করা হচ্ছে না বলে প্রচার করছেন। আবার সার্ভারের সমস্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও সামাজিকভাবে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

তবে সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়া বক্তব্য অনুযায়ী, সমস্যাটি দেশব্যাপী সার্ভারের কারিগরি ত্রুটির সঙ্গে সংশ্লিষ্ট। এ অবস্থায় বিনিয়োগকারীদের ভোগান্তি নিরসনে দ্রুত সার্ভার সচল করে সঞ্চয়পত্রের মুনাফা ও মেয়াদপূর্তির অর্থ পরিশোধের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রাহকরা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ