ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, আটক পাঁচ আওয়ামী সমর্থক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ২০:১৩:১৩
পাবনার বেড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, আটক পাঁচ আওয়ামী সমর্থক পাবনার বেড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, আটক পাঁচ আওয়ামী সমর্থক

নিজস্ব প্রতিবেদক

পাবনার বেড়ায় টানা তিন দিনের সংঘর্ষের পর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে সংঘর্ষের রেশ কাটলেও এলাকায় এখনো বিরাজ করছে আতঙ্ক। এ ঘটনায় পাঁচ আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে পুলিশ। 

 

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন: বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫) ও মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। এ ছাড়া সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১) এবং আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)।

 

এদিকে আজ রোববার বেড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তবে সম্ভুপুর ও বৃশালিখা মহল্লায় পুলিশ মোতায়েন থাকায় নতুন করে কোনো সংঘর্ষ হয়নি। আতঙ্কের কারণে বেড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

 

সরেজমিনে দেখা যায়, বেড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। সংঘর্ষের আশঙ্কায় ব্যবসায়ীরা দোকান খুলতে সাহস পাননি। ফলে বাজারে স্বাভাবিক বেচাকেনা হয়নি। জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত এ বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও ছিল কম। কয়েক দিনের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। 

 

সংঘর্ষের পর গতকাল শনিবার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. গোলাম মোস্তফা। 

 

বেড়া মডেল থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, ‘আইন শৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকাগুলো পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত বা ভাঙচুর-আগুন দেওয়ায় ক্ষতিগ্রস্থ তালিকা করার পরিবেশ এখনও তৈরী হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে ভাল। আমরা নজর রাখছি।’  

 

 

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ